নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
ড. ইউনূস বার্তায় বলেন, “রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যেসব প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানটির কর্মচারীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সমগ্র জাতিকে শোকাহত করেছে।”
প্রেস উইং আরও জানায়, প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও অন্যান্য কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, “সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।”
