জামায়াত আমিরের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় গণসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন।সমাবেশের মঞ্চ থেকে তিনি বলেন, “চাঁদা আমরা নেব না, দুর্নীতি করব না। কেউ যদি চাঁদা নিতে চায়, তাকে বাধা দেওয়া হবে। দুর্নীতির কোনো স্থান আমাদের দলে থাকবে না।”শনিবার (১৯ জুলাই) এই কথা বলেন তিনি।তিনি আরও জানান, “আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় যদি জামায়াতে ইসলামী সরকার গঠন করে, তবে কোনো মন্ত্রী বা সংসদ সদস্য সরকারি প্লট নেবেন না, ট্যাক্স ছাড়া গাড়িও ব্যবহার করবেন না। এমনকি নিজের হাতে কোনো আর্থিক লেনদেনও করবেন না। কোনো মন্ত্রণালয়ে যদি নির্দিষ্ট কোনো কাজের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়, সেই কাজ শেষ হওয়ার পরপরই দেশের ১৮ কোটি মানুষের কাছে এর হিসাব তুলে ধরা হবে।”তবে বক্তব্য দিতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির।

প্রচণ্ড গরমে দুর্বল হয়ে পড়লে আশপাশে থাকা নেতাকর্মীরা তাকে ধরে বসিয়ে দেন। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি আবার বক্তৃতা শুরু করলেও ফের অসুস্থ হয়ে পড়েন এবং মঞ্চেই পড়ে যান। পরে বসেই বক্তব্য চালিয়ে যান তিনি।তাঁর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচারসহ সাত দফা দাবিতে শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় জামায়াতে ইসলামীর এই গণসমাবেশ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর এবং পরিবেশনায় অংশ নেয় সাইমুম শিল্পী গোষ্ঠী।দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশের নানা প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী এতে অংশ নেন।