ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ

লেখক: সুমন
প্রকাশ: ১ বছর আগে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া যৌন সহিংসতার ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এসব অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবে না।

নারী দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন, একটি মহল ধর্মকে অপব্যবহার করে নারীদের প্রতি অবিচার ও হয়রানি করার চেষ্টা চালাচ্ছে, তবে ধর্ম কখনো এ ধরনের অন্যায়কে সমর্থন করে না। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের সাফল্যের চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি, বিভিন্ন ক্যাটাগরিতে নারীদের পুরস্কৃত করা হয়। সভায় সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।