নিজস্ব প্রতিনিধি:
৯ টাকার একটি ওষুধ ৮০ টাকায় বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শাহ মেডিকেল হল নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।আজ রবিবার (১৩ জুলাই) সকালে নগরীর রাজগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সূত্র জানিয়েছে, শাহ মেডিকেল হল ওষুধের গায়ে লেখা নির্ধারিত খুচরা মূল্য (MRP) উপেক্ষা করে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছিল, যা ভোক্তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা।খবর পেয়ে কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযান পরিচালনা করেন।
এ সময় অতিরিক্ত মূল্য রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, এ ধরনের প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে কুমিল্লা নগরীসহ বিভিন্ন স্থানে তাদের অভিযান অব্যাহত থাকবে।
