বরিশাল বিভাগের বৃহৎ দুর্গাপূজামণ্ডপ বারপাইকা পরিদর্শনে জেলা কমান্ড্যান্ট।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

বরিশাল প্রতিনিধি:

১৮ অক্টোবর ২০২৬শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বরিশাল বিভাগের অন্যতম বৃহৎ দুর্গাপূজামণ্ডপ আগৈলঝাড়া উপজেলার বারপাইকা সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। অধিকসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম বিবেচনায় মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে তিনি এ পরিদর্শন করেন।

১৮ অক্টোবর (রবিবার) সন্ধার পর জেলা কমান্ড্যান্ট মণ্ডপে পৌঁছালে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি জেলা কমান্ড্যান্টকে স্বাগত জানান। এ সময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট বলেন, বারপাইকা সার্বজনীন দুর্গাপূজামণ্ডপে বৃহৎ আয়োজন ও বিপুলসংখ্যক ভক্ত-দর্শনার্থীর সমাগমের কারণে নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। তিনি আরও জানান, আগৈলঝাড়া উপজেলায় আনসার ব্যাটালিয়নের মোবাইল স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বারপাইকা সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ছাড়াও জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম গৌরনদীসহ ও আগৈলঝাড়া উপজেলার আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।