মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পূর্বপাড়া এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। শুক্রবার (৪ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৪২)। তিনি কৃষি কাজ করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক রয়েছেন।

স্থানীয়দের তথ্যমতে, ইয়াসিন মাদকাসক্ত ছিলেন।এলাকাবাসী জানান, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চান। মাহবুব টাকা দিতে রাজি না হওয়ায় বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইয়াসিন ক্ষিপ্ত হয়ে একটি হাতুড়ি দিয়ে বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যে মোটরসাইকেল কেনার টাকা না দেওয়াতেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।