ইরানে যুক্তরাষ্টের হামলাই সংঘাত বাড়ার আশঙ্কা: জাতিসংঘের উদ্বেগ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে


নিজস্ব প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান হামলায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, তিনি এই হামলাকে চলমান সংঘাতের “ভয়াবহ বৃদ্ধি” হিসেবে আখ্যা দিয়েছেন।
গুতেরেস সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে উল্লেখ করেছেন যে, এই হামলার ফলে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলস্বরূপ “বেসামরিক নাগরিক, মধ্যপ্রাচ্য ও বিশ্বের” জন্য ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। তার মতে, এই মুহূর্তে “শুধুমাত্র কূটনীতির মাধ্যমেই” এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
ট্রাম্পের হুমকি: ইরানের পাল্টা হামলায় আরও তীব্র জবাবের হুঁশিয়ারি
ইরানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় দফায় ইরানকে হুমকি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে (Truth Social) পোস্ট করে তিনি উল্লেখ করেছেন যে, ইরান যদি এই হামলার জবাবে পাল্টা হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্র “আরও তীব্র মাত্রার” হামলা চালাবে। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের পাল্টা হামলা করলে তার জবাব বহুগুণ বেশি শক্তি দিয়ে দেওয়া হবে।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা “সম্পূর্ণ এবং পুরোপুরি ধ্বংস” হয়ে গেছে। স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই দাবি করেন। একই সঙ্গে তিনি আরও হামলার হুমকি দিয়েছেন এবং বলেছেন, তেহরান যদি শান্তি স্থাপন না করে, তাহলে আরও হামলা চালানো হবে।