নিজস্ব প্রতিনিধি:
ইরান ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এই খবর নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে।ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, তারা গোলান মালভূমিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। এরপর বেইত শে’আন উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বাজার পর তারা আরেকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। তবে এই হামলা থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।ইসরায়েলের পাল্টা হামলা ও কূটনৈতিক প্রচেষ্টা।
এদিকে, ইসরায়েলও ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে হামলা চালিয়েছে। শনিবার ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে যে, তারা মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণের বিভিন্ন অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে জানিয়েছে যে, তারা মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই দুই দেশের মধ্যে নয় দিন ধরে সংঘাত চলছে।এই সংঘাত বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ‘আলোচনা চালিয়ে যেতে’ আগ্রহের কথা জানিয়েছেন। অপরদিকে, কূটনৈতিক আলোচনায় রাজি থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আগ্রাসন বন্ধ হলেই ইরান এ বিষয়ে বিবেচনা করবে।বৈঠক শেষে ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাস গণমাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আঞ্চলিক উত্তেজনা কারো জন্যই লাভজনক নয়, তাই আমাদের আলোচনার সুযোগ খোলা রাখা উচিত।
