নিজস্ব প্রতিনিধি:
ভারতের উত্তরাখন্ড রাজ্যের হরিদ্বার শহরের মনসা দেবী মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের সময় ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক।রোববার (২৭ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা জানায়, মন্দিরের রাস্তার ওপর একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার পড়ে গেলে উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হঠাৎ করে দৌড়াদৌড়ি শুরু হলে পদদলিত হয়ে ছয়জন প্রাণ হারান।উত্তরাখন্ডের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বিনয় শঙ্কর পান্ডে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে একজন বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন, বাকিরা পদদলনের শিকার হন।দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসন উদ্ধার তৎপরতা শুরু করে। আহত অন্তত ৩৫ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
