যুক্তরাজ্যের বিভিন্ন শহর এখন ঘন তুষারে আচ্ছাদিত। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং পূর্ব ইংল্যান্ডের বিস্তৃত এলাকায় হলুদ সতর্কতা ঘোষণা করা হয়েছে। জাতীয় রেল সংস্থা ভ্রমণের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং যাত্রার আগে আবহাওয়ার অবস্থা যাচাই করতে বলেছে।
তুষারপাতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বার্মিংহাম বিমানবন্দরে তুষার পরিষ্কারের কাজ চলায় কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে আজও বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।
তুষারের কারণে কিছু বিমানবন্দর তাদের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রেখেছে। ম্যানচেস্টার বিমানবন্দর জানিয়েছে, তুষারপাতের কারণে তাদের রানওয়ে অস্থায়ীভাবে বন্ধ থাকবে। লিভারপুল জন লেনন বিমানবন্দর এক ঘোষণায় জানিয়েছে, তাদের রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকলেও বিমানবন্দরের কার্যক্রম চালু রয়েছে। রানওয়ে পরিষ্কারের কাজ দ্রুত গতিতে চলছে।
উত্তর ইংল্যান্ড ও ওয়েলসে রাতভর ভারী তুষারপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লিডস ও ইয়র্কসহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় প্রায় ৫ সেন্টিমিটার তুষার জমেছে।
গত রাতে স্কটল্যান্ডের লোচ গ্লাসকারনচে মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা যুক্তরাজ্যের সর্বনিম্ন। বিপরীতে দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা ছিল অপেক্ষাকৃত বেশি, প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াস।
