কচুয়া উপজেলা প্রতিনিধি:
ভিপি নুরুল হক নুরের নিজ এলাকা পটুয়াখালী-০৩ আসনে স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চাঁদপুর-০১ আসনের কচুয়া উপজেলার সাচার বাজারে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বিকেলে বিক্ষোভ মিছিলটি সাচার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সহ-সম্পাদক এনায়েত হাসিব।তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে গণঅধিকার পরিষদের জন্ম। এই সংগঠন জানে কীভাবে প্রতিকূল পরিবেশে লড়াই করতে হয়। স্বাধীনতা-পরবর্তী সময়ে গণঅধিকার পরিষদই একমাত্র রাজনৈতিক দল, যেটি ক্ষমতার আশীর্বাদ নিয়ে নয়, বরং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে উঠেছে।”তিনি আরও বলেন, “জাতীয় ঐক্য ও সংহতির স্বার্থে পরিষদ ধৈর্যের পরিচয় দিচ্ছে, কিন্তু এটিকে কেউ দুর্বলতা মনে করলে ভুল করবে। কালো টাকা ও পেশিশক্তির জোরে যারা রাজনীতি দখল করতে চায়, তারা জেনে রাখুক—আগামীর রাজনীতি হবে তরুণ ও সচেতন জনগণের। আমরা এক ফ্যাসিবাদী সরকারের জায়গায় আরেক ফ্যাসিবাদীকে দেখতে চাই না।”পরিশেষে তিনি ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সমাবেশে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন, কচুয়া উপজেলা সংগঠক সালাউদ্দিন শিং, যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা: নূরুল হুদা ভূইয়া, সাধারণ সম্পাদক এস আই সাইদুল ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক মো: কবির হোসেন, গণমাধ্যম সম্পাদক নাহিদুল হাসান মৃদুল, প্রবাসী বিষয়ক সম্পাদক মাইউদ্দিন এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাঈদ চৌধুরীসহ আরও অনেকে।
