গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৭২ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৭২ জন নিহত ও ২৭৮ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।গত দেড় বছরে ইসরায়েলি অভিযানে গাজায় মোট ৫৪,৩২১ জন নিহত এবং প্রায় ১,২৪,০০০ জন আহত হয়েছেন। নিহতদের প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে। দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই অভিযান চলাকালে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।মার্চের ১৮ তারিখ থেকে ইসরায়েল পুনরায় হামলা শুরু করে, যাতে এখন পর্যন্ত আরও ৩,৮২২ জন নিহত এবং ১১ হাজারেরও বেশি আহত হয়েছেন। ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে এবং ইসরায়েল তাদের উদ্ধারে অভিযান চালানোর কথা বলেছে।জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্প্রতি গাজায় নতুন দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। নেতানিয়াহু এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন, তবে হামাসের পক্ষ থেকে এখনো কোনো সাড়া আসেনি।