নিজস্ব প্রতিনিধি:
ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক ও সুতা আমদানির ওপর ভারত সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্তের ফলে আসন্ন কোরবানির ঈদ এবং দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের বাজারে পোশাকের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।ভারতের বৃহত্তম স্থলবন্দর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল। এই বন্দর দিয়ে এখন থেকে বাংলাদেশের তুলাজাত বস্ত্র ও কাপড়সহ আরও কিছু পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না। তবে কলকাতা ও মুম্বাইয়ের সমুদ্রবন্দর ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রতিদিন পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে যে পণ্য আমদানি হয়, তার ৪০ শতাংশই তৈরি পোশাক। সময়মতো এই পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করতে না পারায় একদিকে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভারতের বাণিজ্যেও এর প্রভাব পড়ছে।স্থানীয় পোশাক ব্যবসায়ী স্বপন দাস জানান, ভারত বাংলাদেশ থেকে বছরে প্রায় ছয় হাজার কোটি রুপির পোশাক আমদানি করে। কোরবানির ঈদ ও দুর্গাপূজার আগে এমন নিষেধাজ্ঞার ফলে এত অল্প সময়ে ভারতীয় ব্যবসায়ীদের পক্ষে এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে না, যার ফলে পোশাকের দাম বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশ মনে করছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে শুধু পোশাকের ওপরই নয়, স্থলবন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। পোশাক শিল্পের সাথে জড়িত সকলে এখন এই পরিস্থিতির পরিবর্তনের অপেক্ষায় আছেন।
