নিজস্ব প্রতিনিধি:
গাজায় শেষরাতে ইসরায়েলি হামলায় শিশুসহ ৫৯ জন নিহত।গাজার বিভিন্ন স্থানে শেষরাতে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৬ জন ছিলেন আল-মাওয়াসি এলাকায়, যা গাজায় বাস্তুচ্যুতদের জন্য তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।আল-জাজিরা আরবির তথ্য অনুযায়ী, শনিবার (১৭ মে) শেষরাতে গাজা উপত্যকার উত্তরের জাবালিয়া আল-বালাদ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। মধ্য গাজার আজ-জাওয়ায়দা শহরে আরেকটি ইসরায়েলি হামলায় নয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গেছে। মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরও দুইজন মারা গেছেন, যাদের মধ্যে একজন শিশু। এছাড়াও, উত্তর গাজার তাল আল-জাতার এলাকাতেও ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে, তবে সেখানে হতাহতের নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।চিকিৎসা বিষয়ক সূত্র জানায়, মধ্যরাত থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমাবর্ষণে গাজার উত্তর, মধ্য ও দক্ষিণ অংশে মৃতের সংখ্যা ৫৯ জনে পৌঁছেছে। উত্তর জাবালিয়ায় একাধিক ইসরায়েলি হামলায় আরও অনেক লোক নিহত ও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।একদিকে আগ্রাসন, অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনাইসরায়েল একদিকে গাজায় নতুন এবং আরও বড় আকারের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে কাতারে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবারও শুরু করেছে।বাগদাদে অনুষ্ঠিত একটি সম্মেলনে আরব নেতারা গাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা পাঠানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছে অনুরোধ জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ২৭২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২০ হাজার ৬৭৩ জন আহত হয়েছেন। গাজার সরকার নিয়ন্ত্রিত মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার নিখোঁজ মানুষকে মৃত ধরে নিলে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
সূত্র: আল-জাজিরা
