নিজস্ব প্রতিনিধি:
ভারতের উত্তরকাশীর গাঙ্গনানির নিকটে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে দেরাদুন থেকে গঙ্গোত্রী ধামের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।দেশের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে গঙ্গোত্রী জাতীয় মহাসড়কের গাঙ্গনানির কাছে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, এসডিআরএফ, দমকল বিভাগ, মেডিকেল টিম এবং অন্যান্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। জানা গেছে, হেলিকপ্টারটি হেলি অ্যারোট্রান্স কোম্পানির। এটি সকালে সহস্ত্রধারা হেলিপ্যাড থেকে হারসিলের উদ্দেশ্যে যাত্রা করে। এতে পাইলটসহ মোট সাতজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই পাঁচজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, যাত্রীদের মধ্যে চারজন মুম্বাই এবং দুজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ (পাইলট)। ৫১ বছর বয়সী অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হেলিকপ্টারটি চার ধাম যাত্রার অংশ হিসেবে গঙ্গোত্রী ধামে যাচ্ছিল। এসডিআরএফের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি প্রায় ২০০-২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকারী দল সেখানে একটি ঘাঁটি স্থাপন করে খাদে নেমে উদ্ধার অভিযান শুরু করে। পাইলটের নাম ক্যাপ্টেন রবিন সিং।সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
