সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করলো ইরান।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি জানিয়েছেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে তেহরানেরও যোগ দেওয়া উচিত।সোমবার (২৯ সেপ্টেম্বর) ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে জিও নিউজ জানায়, তিনি আরও বলেন, ইরান, সৌদি আরব, পাকিস্তান ও ইরাক—এই চারটি মুসলিম দেশ সম্মিলিতভাবে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছাতে পারে।সাফাভির এই মন্তব্য এসেছে ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে।

এই চুক্তিকে কয়েক দশক ধরে চলা নিরাপত্তা অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর আক্রমণকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।ইসরায়েলের কাতার আক্রমণের কয়েকদিন পরই চুক্তিটি স্বাক্ষরিত হয়। রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চুক্তিতে সই করেন।তাদের মতে, এই পদক্ষেপ শুধু পাকিস্তান-সৌদি সম্পর্ককেই নয়, বরং গোটা দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের জন্যও বড় ধরনের তাৎপর্য বহন করে।

প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করতে গিয়ে জেনারেল সাফাভি এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমেই কমে যাচ্ছে। এই সুযোগে ‘আমরা একটি আঞ্চলিক ইসলামী জোট গঠন করতে পারি’ বলেও মন্তব্য করেন তিনি।