নিজস্ব প্রতিনিধি:
বিশ্বের বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। প্রধানত চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যিক অস্থিরতা হ্রাসের আভাস এবং ওপেক প্লাসের আসন্ন বৈঠকের কারণে তেলের দাম নিম্নমুখী।শুক্রবার (২ মে), ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৬১ দশমিক ৭১ ডলারে স্থির হয়েছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়ে ৫৮ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে যে বেইজিং ওয়াশিংটনের আলোচনার প্রস্তাব বিবেচনা করছে। এর ফলে চলমান বাণিজ্যিক উত্তেজনা কমবে বলে আশা করা যাচ্ছে।অনিক্স ক্যাপিটাল গ্রুপের গবেষণা বিভাগের প্রধান হ্যারি টিচিলিংগুইরিয়ান বলেন, মার্কিন-চীন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। তবে এই লক্ষণগুলো ক্ষণস্থায়ী। এর আগে, বুধবার (৩০ এপ্রিল), ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৫ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৬৩ দশমিক ৫০ ডলারে নেমে আসে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ৭৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ৫৯ দশমিক ৬৩ ডলার হয়।এপ্রিল মাসে ব্রেন্ট ও ডব্লিউটিআই যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ কমেছে, যা ২০২১ সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন। রয়টার্সের এক সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে এই বছর বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি রয়েছে। অন্য একটি সমীক্ষায় দেখা গেছে, এপ্রিল মাসে চীনের কারখানার কার্যক্রম ১৬ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে সংকুচিত হয়েছে।
সূত্র: রয়টার্স
