জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে উন্মোচন করেছে। তারা হোন্ডা অ্যামেজ মডেলের আপডেটেড একটি সংস্করণ নিয়ে এসেছে, যা দুর্দান্ত ডিজাইন ও আধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি। এই নতুন গাড়িটি তিনটি ভ্যারিয়েন্ট এবং পেট্রল ইঞ্জিনের একটি বিকল্প সহ পাওয়া যাবে। গাড়িটিতে যুক্ত করা হয়েছে অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (এডিএএস)।
হোন্ডা অ্যামেজ ডিজাইন এবং লুকের দিক থেকে সম্পূর্ণ নতুন রূপ পেয়েছে। আগের প্রজন্মের তুলনায় এটি অনেকটাই চওড়া এবং উন্নত। গাড়িটিতে রয়েছে ৪১৬ লিটারের বিশাল বুট স্পেস, যা শ্রেণির সেরা।
নতুন এই হোন্ডা অ্যামেজে ব্যবহৃত হয়েছে ১.২ লিটারের ৪ সিলিন্ডারের পেট্রল ইঞ্জিন, যা ৯০ পিএস শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ই২০ ফুয়েল সাপোর্ট করে এবং ম্যানুয়াল ট্রান্সমিশন ছাড়াও এতে রয়েছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশন (সিভিটি) প্রযুক্তি।
গাড়িটির ম্যানুয়াল সংস্করণ প্রতি লিটার পেট্রলে ১৮.৬৫ কিমি মাইলেজ দেয়, আর সিভিটি সংস্করণে পাওয়া যাবে ১৯.৪৬ কিমি প্রতি লিটারের মাইলেজ।
গাড়িটির অভ্যন্তরীণ ডিজাইনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এতে থাকছে ৮ ইঞ্চির ফ্লোটিং ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ৭ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে সাপোর্ট নিশ্চিত করা হয়েছে।
হোন্ডা অ্যামেজ ছয়টি রঙ এবং তিনটি ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর সিভিটি ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৯.১৯ লাখ রুপি, আর শীর্ষ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০.৮৯ লাখ রুপি।
