দ্বিগুণ হচ্ছে প্রাথমিকের উপবৃত্তির টাকা, যোগ হচ্ছে আরও সুবিধা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

শিশুদের বিদ্যালয়ে আকৃষ্ট করতে দুই দশকের বেশি সময় ধরে প্রাক-প্রাথমিক স্তর থেকে উপবৃত্তি দিয়ে আসছে সরকার। বিদ্যালয়ে ভর্তির পরে শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে কয়েক দফায় উপবৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় ৮৬ লাখ শিক্ষার্থী এই উপবৃত্তির আওতাভুক্ত। দেশের বাজারের পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে উপবৃত্তির টাকা এবার দ্বিগুণ করা হচ্ছে। এর সাথে এককালীন পোশাক ভাতাসহ আরও কিছু সুবিধা যোগ করা হচ্ছে।অভিভাবক ও বিশিষ্টজনদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার এই উপবৃত্তি দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছে। একই সাথে ‘শতভাগ’ শিক্ষার্থীকে উপবৃত্তি নিশ্চিত করার জন্য কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে অধিদপ্তর থেকে এই সংক্রান্ত একটি প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হলেই শিক্ষার্থীরা বর্ধিত হারে উপবৃত্তির টাকা পাবে।বর্তমানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন হারে উপবৃত্তির টাকা পাচ্ছে।

নতুন প্রস্তাবনায় প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিকের সকল শ্রেণির শিক্ষার্থীদের সমান হারে উপবৃত্তির টাকা দেওয়ার প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিবার থেকে দুজনের বেশি শিক্ষার্থী উপবৃত্তি না পাওয়ার যে নিয়মটি রয়েছে, সেটি তুলে দিলে ভালো হবে। সেই জন্য অধিদপ্তর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এটি বাস্তবায়িত হলে দুইয়ের অধিক সন্তান রয়েছে এমন পরিবারের কোনো শিশুই আর বিদ্যালয় থেকে দূরে থাকবে না – এমনটাই জানান শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি শাখার সহকারী পরিচালক মো. কবির উদ্দীন।

অধিদপ্তরের উপবৃত্তি শাখার তথ্য অনুযায়ী, বর্তমানে প্রাক-প্রাথমিকের একজন শিক্ষার্থী প্রতি মাসে ৭৫ টাকা হারে উপবৃত্তি পায়। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ১৫০ টাকা এবং যেসব বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু আছে, সেখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা প্রতি মাসে ২০০ টাকা হারে উপবৃত্তি পায়। বছরে দুবার (ছয় মাস পর পর) মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে এই উপবৃত্তির টাকা দেওয়া হয়।উপবৃত্তি শাখার কর্মকর্তা (শিক্ষা অফিসার) মো. জিয়াউল কবির সুমন বলেন, ‘নতুন প্রস্তাবে সকলের জন্য সমান হারে উপবৃত্তি দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রস্তাবটি অনুমোদন পেলে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা হারে (ছয় মাসে ১৮০০ টাকা) উপবৃত্তি পাবে। এছাড়াও, যেসব বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় হিসেবে চালু রয়েছে, সেখানকার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরাও প্রতি মাসে ৩০০ টাকা হারে উপবৃত্তি পাবে।’যদি এই প্রস্তাবটি অনুমোদন পায়, তাহলে চলতি (২০২৪-২৫) অর্থবছরের দ্বিতীয় ধাপে (জানুয়ারি-জুন) শিক্ষার্থীদের বর্ধিত হারে উপবৃত্তির টাকা দেওয়া হতে পারে বলেও জানান অধিদপ্তরের কর্মকর্তারা।পরিবারের যতজন বিদ্যালয়ে যাবে, সকলেই উপবৃত্তি পাবে:বর্তমান নিয়ম অনুযায়ী, একটি পরিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া সর্বোচ্চ দুজন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পাচ্ছে। অর্থাৎ, যদি কারও দুইয়ের অধিক সন্তান থাকে, তবে তৃতীয় সন্তান আর উপবৃত্তির জন্য বিবেচিত হচ্ছে না। এই কারণে অনেকেই বিদ্যালয়ে আসা বন্ধ করে দিচ্ছে। এই পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই নিয়মে পরিবর্তন আনার প্রস্তাব করেছে।