২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাবি প্রশাসন এবং সাত কলেজের অধ্যক্ষদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকটি ঢাবি ক্যাম্পাসে উপাচার্যের লাউঞ্জের পাশে অবস্থিত আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান লিখিত বক্তব্য দেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই সাত কলেজ সংশ্লিষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং শিক্ষার্থীদের ধৈর্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছে।
বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলো:
১. সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সম্মানজনকভাবে পৃথক করার বিষয়ে সিদ্ধান্ত।
২. ভর্তি কার্যক্রমে পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাবির অধীনে আর ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত।
৩. শিক্ষার্থীদের দাবি অনুসারে ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার সুপারিশ।
৪. আসন সংখ্যা, ভর্তি ফি এবং অন্যান্য বিষয়ে মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।
৫. বর্তমানে ঢাবির অধীন থাকা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালন করবে।
ঢাবি উপাচার্য সকলকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
