মঙ্গলবার এক ঘন্টার কর্মবিরতির ঘোষণা ২৫ ক্যাডার কর্মকর্তাদের

লেখক: আরিফ হাসান
প্রকাশ: ২ years ago

মঙ্গলবার এক ঘণ্টার কর্মবিরতির ঘোষণা ২৫ ক্যাডার কর্মকর্তাদের

সিভিল প্রশাসনের ২৫টি ক্যাডার নিয়ে গঠিত সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার বাতিল এবং উপসচিব পদে প্রশাসন ক্যাডারদের জন্য ৫০% কোটা বরাদ্দের সুপারিশের প্রতিবাদে এক ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে। এই কর্মসূচি আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত হবে।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার সেগুনবাগিচায় পূর্ত ভবনে এক সভায় এই সিদ্ধান্ত নেয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক ড. মুহাম্মদ মফিজুর রহমান।

সভায় ২৫টি ক্যাডারের কর্মকর্তারা তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়ার তীব্র প্রতিবাদ জানান। বক্তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা সুপারিশের বিষয়টি সিভিল সার্ভিসের অন্যান্য ক্যাডারের সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

তারা আরও উল্লেখ করেন, সিনিয়র সার্ভিস পুল কোনো নির্দিষ্ট ক্যাডারের জন্য নয়। Service Act 1975 অনুযায়ী মেধার ভিত্তিতে এই পদে নিয়োগ দেওয়ার কথা থাকলেও কোটা ব্যবস্থা বহাল রাখা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, প্রশাসন ক্যাডার নিজেদের স্বার্থে এই পদের ওপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা বৈষম্য ও দুর্নীতি বাড়াচ্ছে।

সভায় বক্তারা ‘কর্মভিত্তিক মন্ত্রণালয়’ গঠনের দাবি জানান, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ক্যাডারের দক্ষ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। তারা বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করলেও সেসব খাত সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা নেই, ফলে সেবার মান নিশ্চিত করা যাচ্ছে না।

কর্মসূচির সিদ্ধান্তসমূহ:
১. ২৩ ডিসেম্বর প্রতিটি ক্যাডার এসোসিয়েশন থেকে বিবৃতি প্রদান।
২. ২৪ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন।

  1. ২৬ ডিসেম্বর অফিসের সামনে মানববন্ধন।
    ৪. ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশ আয়োজন।

বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে সিভিল সার্ভিসে মেধা ও দক্ষতার ভিত্তিতে বৈষম্য দূর হবে এবং জনসেবার মান বৃদ্ধি পাবে।