নিজস্ব প্রতিনিধি:
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন এবং সেই দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। গত বুধবার (২৩ এপ্রিল) দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানির সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন। তিনি বলেন, ‘কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা যেতে পারে। সেখানে কাতারের ব্যবসায়ীরা সামরিক সরঞ্জামের যন্ত্রাংশসহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারেন।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। প্রেস সচিব আরও বলেন, বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে জানিয়েছেন যে, বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার প্রচেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সংক্রান্ত সুযোগ-সুবিধা উন্নত করা হচ্ছে।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন যে, বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন করে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা সম্ভব। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার জন্য সেই দেশের সরকারের প্রতি আহ্বান জানান। কাতার প্রতি তিন বছর পর পর বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেবে। প্রধান উপদেষ্টা কাতারের উপ-প্রধানমন্ত্রীকে এই সেনাসদস্যের সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানান।
একই দিনে, কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন।
