মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের হাদরামাউত গভর্নরেটের ওয়াদি আমদ জেলায় এক ব্যক্তি ইফতারের আগে দুই যুবককে গুলি করে হত্যা করেছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, ঘটনার সূত্রপাত হয় পাবজি গেম খেলা নিয়ে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের বয়স ছিল ২০ ও ১৮ বছর। অভিযুক্ত ব্যক্তির ছেলের সঙ্গে গেম সংক্রান্ত বিষয়ে ওই দুই যুবকের কথা-কাটাকাটি হয়। পরে অভিযুক্ত ব্যক্তি, যাঁর বয়স ৫৫ বছর, বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে নিকটবর্তী এক ক্যাফেতে গিয়ে তাঁদের ওপর গুলি চালান।
এই ঘটনার পর তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
