হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়িকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এ হামলা চালানো হয়।পরিবারের সদস্যদের দাবি, প্রায় ১৫ দিন আগে হোয়াটসঅ্যাপে ফোন করে জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

তিনি তা গুরুত্ব না দেওয়ায় প্রতিশোধ হিসেবেই তার বাড়িতে গুলি চালানো হয়েছে বলে তাদের ধারণা।হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে ভুক্তভোগী পরিবার শিগগিরই থানায় অভিযোগ করবেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়জন যুবক দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে।

তাদের মধ্যে চারজন প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে দোতলা ভবন লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। কয়েক মিনিটের মধ্যেই তারা দ্রুত সরে যায়।সেই সময় বাড়ির মূল ফটক তালাবদ্ধ থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম ও তার পরিবার তখন চট্টগ্রাম নগরীর বাসায় অবস্থান করছিলেন।