গাজীপুরে আবারও দুই বাসে আগুন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরে ফের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) ভোরে মহানগরের দুটি স্থানে রাস্তার পাশে রাখা দুইটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।ভোর সাড়ে ৪টার দিকে ভোগড়া বাইপাসে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। জয়দেবপুর থেকে ঢাকার নিউমার্কেটগামী ওই বাসটি আংশিকভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজীব হোসেন জানান, ফজরের আজানের পরপরই ফায়ার স্টেশনের সামনেই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসের আসন ও ভেতরের অংশ পুড়ে গেছে।এদিকে, শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আরেকটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির ইঞ্জিন ও আসন পুড়ে যায়।কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ধারাবাহিক এসব অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত না হলেও কয়েকটি বাসের ব্যাপক ক্ষতি হয়েছে। নিরাপত্তা জোরদার করতে ঘটনাস্থলগুলোতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে পার্ক করা একটি বাসে আগুন দেয় দুজন মোটরসাইকেল আরোহী। তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।