গাজীপুরের কালীগঞ্জ উপজেলার হরিদেবপুর এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে নির্যাতনের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন তিনি। মামলায় প্রেমিক ফরিদ পালোয়ানসহ সাতজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। অভিযুক্ত ফরিদ পালোয়ান উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত মিয়ার উদ্দিন পালোয়ানের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ফরিদ পালোয়ানের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। সেই সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ফরিদ একপর্যায়ে তরুণীকে সরাসরি দেখা করার প্রস্তাব দেন। এরপর তরুণী কুমিল্লা থেকে কালীগঞ্জ উপজেলার হরিদেবপুর এলাকায় আসেন।
অভিযোগে বলা হয়েছে, দেখা করার পর ফরিদ ও তার সহযোগীরা তরুণীকে নির্যাতন করে এবং শারীরিকভাবে আঘাত করে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। এরপর পরিবারের পরামর্শে বুধবার রাতে থানায় মামলা দায়ের করেন।
ওসি মো. আলাউদ্দিন জানান, মামলায় সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয় এবং ধর্ষণে সহায়তার অভিযোগে পারভীন বেগম (৫১) নামের এক নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
