নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে পুকুরপাড়ের একটি ঘর থেকে সুমাইয়া (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা এলাকার হাঁড়িভাঙা বিলের ভেতরে এ ঘটনা ঘটে।
সুমাইয়া যোগীন্দ্রনগর গ্রামের মো. শহিদুল মণ্ডলের মেয়ে। তাঁর স্বামী আনিস মণ্ডলের বাড়ি ঝাউপাড়া গ্রামে। তাঁদের তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।
পুকুরমালিক রাজ্জাক মণ্ডল জানান, তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ফজরের নামাজের পর পুকুরে যান। সেখানে গিয়ে দেখেন, মহিষটি ঘর থেকে বের করা হয়নি। পরে ঘরের দিকে এগিয়ে গিয়ে সুমাইয়ার ছেলের কাছ থেকে চাবি নিয়ে দরজা খোলেন। এ সময় ঘরের ভেতরে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া ও তাঁর স্বামী ওই পুকুরপাড়ের ঘরে থাকতেন। তাঁরা পুকুর দেখাশোনার পাশাপাশি মালিকের মহিষের পরিচর্যা করতেন। প্রায় ছয় মাস ধরে তাঁরা সেখানে কাজ করছিলেন।
সুমাইয়ার স্বামী আনিস মণ্ডল বলেন, সোমবার (১৯ অক্টোবর) তিনি নওগাঁর শান্তাহারে পুকুরের মাছ বিক্রি করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে স্ত্রীর মৃত্যুর খবর পান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় সুমাইয়ার হাতে লেখা একটি চিঠি ও অন্যান্য জিনিস উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য নাটোরে পাঠানো হয়েছে।
সুমাইয়ার বাবা মো. শহিদুল মণ্ডল মেয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। তবে তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
