মুন্সীগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

মুন্সীগঞ্জের সদর উপজেলায় আট ও দশ বছর বয়সী দুই শিশুর প্রতি যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার নাম সেকেন্দার আলী চোকদার (৬৫)। তিনি টংগিবাড়ী উপজেলার সেরাজবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় শরবত বিক্রেতা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে থানায় নিয়ে আসে। অভিযোগ রয়েছে, ২ মার্চ বিকেলে তিনি শিশুদের খাবার ও বেলুন দেওয়ার প্রলোভন দেখিয়ে অপরাধ করেন।

তবে বিষয়টি ৭ মার্চ প্রকাশ্যে আসে, এরপর ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং শিশু দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।