গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম ও লাম ইসলাম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২৫ আগষ্ট) বিকাল ৩ টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুরের চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নন্দকুজা নদীতে এই দুর্ঘটনাটি ঘটে।
তাদের উভয়ের বয়স ছিল ৮ বছর। নিহত শিশু ফারহান ইসলাম শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম ইসলাম একই গ্রামের বাবুল ইসলামের ছেলে। নিহত দুই শিশু সম্পর্কে বন্ধু ছিল।পুলিশ ও স্থানীয়রা জানান, দুই বন্ধু ফারহান ও লাম তাদের বাড়ীর পাশের নন্দকুজা নদীতে গোসল নামে। গোসল করার এক পর্যায়ে স্রোতে নদীর পানিতে তলিয়ে যায় শিশুরা।
এ সময় নদীর পাড়ে থাকা এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করে। তখন আসেপাশের লোকজন এগিয়ে গিয়ে নদীতে নেমে দুই শিশুকে উদ্ধার করে। অবস্থা অবনতি দেখে শিশু দুইটিকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর এলাকাতে ছড়িয়ে পড়ায় নিহতদের পরিবার ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হান্নান বলেন, এমন দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
