২০২৬ বিশ্বকাপে ইউরোপ থেকে নিশ্চিত হয়েছে যারা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে
Fifa 2026

স্পোর্টস ডেস্ক:

আর মাত্র আট মাস পরে শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। ২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। ইতোমধ্যেই বিভিন্ন মহাদেশ থেকে ২৫টি দল নিশ্চিত করেছে মূলপর্বের টিকিট। স্বাগতিক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—বাছাইপর্ব ছাড়াই সরাসরি খেলবে মূলপর্বে।৪৮ দলের মধ্যে ইউরোপের জন্য নির্ধারিত কোটা ১৬টি। তবে এখন পর্যন্ত ইউরোপ অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করতে পেরেছে মাত্র তিনটি দল—ইংল্যান্ড, ফ্রান্স ও ক্রোয়েশিয়া।বাছাইপর্বের ‘কে’ গ্রুপে টমাস টুখেলের অধীনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে ইংল্যান্ড। সাত ম্যাচের সবকটিতে জয় নিয়ে তারা অর্জন করেছে পূর্ণ ২১ পয়েন্ট। এই সময়ে প্রতিপক্ষের জালে ২০ গোল করলেও নিজেরা একটি গোলও হজম করেনি।

এরপর গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দ্বিতীয় ইউরোপীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় গতবারের রানার্সআপ ফ্রান্স। এমবাপ্পের ৪০০ গোলের মাইলফলক ছোঁয়া সেই ম্যাচে ইউক্রেনকে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে।সর্বশেষ শুক্রবার (১৪ নভেম্বর) রাতে তৃতীয় দল হিসেবে কোটা নিশ্চিত করে ক্রোয়েশিয়া। ফারো আইল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে ৩–১ গোলের জয়ে অপরাজিত ক্রোয়াটরা সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে।ইউরোপের বাকি ১৩টি স্থানের জন্য বাছাইপর্বের লড়াই এখনো চলছে। এছাড়া আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া অঞ্চল থেকেও আরও ২২টি দল ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে।—