নিজস্ব প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন নিম্নচাপে রূপ নিয়েছে। এটি বর্তমানে ভারতের দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এর ফলে বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এছাড়া মৌসুমি অক্ষরেখা রাজস্থান, হরিয়ানা, নিম্নচাপের কেন্দ্র, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এই অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী পাঁচ দিনে বৃষ্টির পরিমাণ ও ব্যাপ্তি আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী—
- বৃহস্পতিবার (১৭ জুলাই): ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী ও বরিশালে অনেক জায়গায় এবং খুলনায় কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
- শুক্রবার (১৮ জুলাই): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর ও বরিশালের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনায় দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
- শনিবার (১৯ জুলাই): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনায় দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এই দিনও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
- রোববার (২০ জুলাই): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং খুলনা-বরিশালের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। থাকবে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা।
- সোমবার (২১ জুলাই): রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের প্রবণতা থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর ফলে পানির স্তর বৃদ্ধি পেতে পারে এবং জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।