শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

শনিবার (১৬ আগস্ট) সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দেশব্যাপী আনন্দ ও ভাবগাম্ভীর্যের মধ্যে উদযাপিত হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষভাবে পালন করছেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস।ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন অত্যাচারী রাজা কংসের কারাগারে।

পৃথিবীতে তার আবির্ভাবের মূল উদ্দেশ্য ছিল দুষ্টের দমন ও শান্তিপ্রিয় সাধুজনদের অধিকার প্রতিষ্ঠা। শ্রীকৃষ্ণ সারাজীবন শিষ্টের পালন ও দুষ্টের দমন করেছেন, এজন্যই তিনি হিন্দুধর্মে ভগবান রূপে পূজিত হন। সনাতন ধর্ম মতে, যখন পৃথিবীতে অন্যায় ও অধর্ম বৃদ্ধি পায় এবং ধর্মপ্রাণ মানুষের জীবন অসহনীয় হয়ে ওঠে, তখনই শ্রীকৃষ্ণ অবতার রূপে আবির্ভূত হয়ে ধর্ম প্রতিষ্ঠা করেন।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা সবাই সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, “শ্রীকৃষ্ণ ন্যায়, মানবপ্রেম ও শান্তির শিক্ষা দিয়েছেন। তার আদর্শ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে সুদৃঢ় করবে। সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে হবে।

”প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের আয়োজন করেছে। আজ দুপুর ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে মিছিলটি শুরু হবে, যেখানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত থাকবেন। এছাড়া, রাত ৮টায় অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণ পূজা। একই সময়ে পলাশী মোড়ে বিকেল ৩টায় আরেকটি কেন্দ্রীয় মিছিল বের হবে।আজকের দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে বিটিভি, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে। পাশাপাশি জাতীয় দৈনিকগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।