আজ সারা দেশে, বিশেষ করে রাজধানী ঢাকায়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। বিদ্যা, জ্ঞান ও সৃজনশীলতার দেবী হিসেবে সরস্বতীকে পূজা করা হয়, বিশেষ করে শিক্ষার্থীরা এ উৎসবকে গভীর শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালন করে।
প্রতি বছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী জ্ঞানের আলো দান করেন এবং শিক্ষার্থীদের মাঝে বুদ্ধি, সৃজনশীলতা ও সাফল্যের আশীর্বাদ বর্ষণ করেন।
চলতি বছরে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে রবিবার সকাল ৯টা ৪৪ মিনিটে এবং তা শেষ হবে সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পূজা-অর্চনার আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রতি বছর শিক্ষার্থীরা ব্যাপক আয়োজনে দেবী সরস্বতীর আরাধনা করে। এ বছর জগন্নাথ হল মাঠে প্রায় ৭০টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে, যেখানে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নান্দনিক প্রতিমা তৈরি করেছেন।
এছাড়া, ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতীবাজার, বনানী, রমনা কালী মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজার আয়োজন চলছে। প্রতিটি স্থানে সকালে পূজা অনুষ্ঠিত হবে এবং বিকেলে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যা চলবে সন্ধ্যা পর্যন্ত।
ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পূজা মণ্ডপগুলো। শিক্ষার্থী ও ভক্তদের অংশগ্রহণে এ আয়োজন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হবে।
