বিশেষ প্রতিনিধি:
ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হলো ইনকিলাব মঞ্চ আয়োজিত শহীদি সমাবেশ। পিলখানা, শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই সমাবেশে উপস্থিত ছিলেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যগণ এবং সারাদেশ থেকে আগত জুলাই বিপ্লবের ছাত্রজনতা।সমাবেশে বক্তারা দাবি করেন, পিলখানা, শাপলা ও জুলাইয়ের গণহত্যার পেছনে সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তারা এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার ও আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী দল’ হিসেবে নিষিদ্ধ ঘোষণার আহ্বান জানান।ইনকিলাব মঞ্চের মুখপাত্র জানান, অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ১০০ দিনের মধ্যে বিচারের কার্যক্রম শেষ করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তা না হলে সারাদেশে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শাহবাগ থেকে শুরু হয়ে বাংলা মোটর পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখপাত্র সার্জিস আলম, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সমাবেশটি ছিল শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় বার্তা বহনকারী।
