মাইলস্টোনে থামছে না মৃত্যুর মিছিল, মৃতের সংখ্যা বেড়ে ৩৫।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান ১৩ বছরের স্কুলছাত্র জারিফ ফারহান এবং ৩২ বছর বয়সী অফিস সহকারী মাসুমা।

জারিফ ফারহান মাইলস্টোন স্কুলের ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সকাল ৯টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শরীরের ৪০ শতাংশ পোড়া ছিল এবং তার শ্বাসনালী দগ্ধ হয়েছিল।

প্রায় এক ঘণ্টা পর সকাল ১০টা ১৫ মিনিটে মারা যান দগ্ধ মাসুমা। তিনি প্রতিষ্ঠানটির অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। শুধুমাত্র বার্ন ইনস্টিটিউটেই মৃত্যুবরণ করেছেন ১৬ জন।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি ৪০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। সিপিআর ক্যাটাগরিতে রয়েছেন ১০ জন, পোস্ট-অপারেটিভ পর্যায়ে ১০ জন এবং ক্যাবিনে চিকিৎসাধীন ১৫ জন।

জারিফের বাবা মো. হাবিবুর রহমান জানান, তারা রাজবাড়ীর শ্রীপুর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে উত্তরায় বসবাস করছেন। দুই সন্তানের মধ্যে জারিফ ছিল ছোট।

উল্লেখ্য, ২১ জুলাই সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনাকে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিহতদের অধিকাংশই ছিলেন স্কুলের কোমলমতি শিক্ষার্থী।