মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর, কণ্ঠশিল্পী নোবেল আটক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে মদ্যপ অবস্থায় এক উবার চালককে মারধরের অভিযোগে আটক করেছে পুলিশ।শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর মিরপুর মডেল থানায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।প্রত্যক্ষদর্শীরা জানান, উবার অ্যাপ ব্যবহার করে একটি প্রাইভেট কারে হাবুলের পুকুরপাড় এলাকায় যাচ্ছিলেন নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যে পৌঁছানোর পর গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান নোবেল। এরপর তিনি চালককে গালিগালাজ ও অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতে থাকেন।

পরিস্থিতি সামাল দিতে চালক আকবর হোসেন এগিয়ে এলে নোবেল তাকে মারধর করেন।এই ঘটনায় আশপাশের লোকজন জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জনতার তোপের মুখে পড়েন নোবেল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।ওসি সাজ্জাদ রোমান জানান, প্রাথমিকভাবে নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে তদন্ত চলছে।উল্লেখ্য, এর আগেও বিভিন্ন বিতর্কিত ঘটনায় আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী নোবেল। সর্বশেষ ২৪ জুন নারী নির্যাতন মামলায় জামিন পান তিনি। সেই মামলায়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তার স্ত্রীর আপত্তি না থাকায় আদালত তাকে জামিন দেন।