৭০ লাখ রুপির চিকিৎসা ব্যয়, জীবন যুদ্ধে হার মানলেন ‘কেজিএফ’-এর অভিনেতা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

বিনোদন ডেস্ক:

কন্নড় চলচ্চিত্রের পরিচিত মুখ হরিশ রাই আর কখনও ফিরবেন না রূপালি পর্দায়। মাত্র ৫৫ বছর বয়সে থাইরয়েড ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াই শেষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকদের ভাষায়, ক্যানসার পেটসহ শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে তার জীবনের প্রদীপ নিভিয়ে দেয়। নিয়মিত কেমোথেরাপি ও পালিয়েটিভ কেয়ারেও থামানো যায়নি রোগের অগ্রগতি।‘ওম’ ও ‘কেজিএফ’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিলেন হরিশ রাই। এছাড়াও সামারা, ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড, জোধিহাক্কি, রাজ বাহাদুর, সঞ্জু ওয়েডস গীথা, স্বয়ংবর ও নল্লা—এই সিনেমাগুলোতে কখনও খলনায়ক, কখনও সহ-নায়ক হয়ে পর্দায় উপস্থিত থেকেছেন শক্তিশালী চরিত্রে।

অসুস্থ অবস্থাতেও নীরব ছিলেন না তিনি। চিকিৎসা খরচের ভয়াবহতার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন—একটি ইনজেকশনের দাম ৩ লাখ ৫৫ হাজার রুপি, প্রতি ৬৩ দিনে লাগে তিনটি ইনজেকশন; অর্থাৎ এক সাইকেলের খরচ প্রায় ১০.৫ লাখ রুপি। পুরো চিকিৎসার ব্যয় গিয়ে দাঁড়ায় প্রায় ৭০ লাখ রুপিতে। সহ-অভিনেতা যশের প্রসঙ্গ টেনে বলেছিলেন, “সাহায্য করেছেন, কিন্তু একজন মানুষ কতবারই বা বলবে—কেউ কতটুকু পারবে?”তিন দশকের অভিনয় জীবনে কন্নড়, তামিল ও তেলুগু সিনেমায় অসংখ্য চরিত্রকে জীবন্ত করে রেখে গেলেন হরিশ রাই। আজ পর্দা নেমে গেছে তার জীবনের, তবে নিভে যায়নি সেই আলোকিত স্মৃতি।