ভারতে পাঠানো হলো দুর্গাপূজার উপহার হিসেবে ৫০০ কেজি চিনিগুঁড়া চাল।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশ ভারতে উপহার হিসেবে পাঠিয়েছে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি পিকআপ ভ্যান ভর্তি চাল ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাষী ব্র্যান্ডের এই চাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের মালিক রাজীব ভূঁইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য চালগুলো পাঠানো হয়েছে, যা দুর্গাপূজার বিশেষ উপহার হিসেবে প্রদান করা হবে।আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চালগুলো দ্রুত ছাড়করণের ব্যবস্থা করা হয়েছে।