বর্ণাঢ্য আয়োজনে অবসর নিলেন চরশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ আলি।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতার পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন আলমডাঙ্গা উপজেলার চরশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব ইউনুছ আলি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) বিদ্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

ইউনুছ আলি দীর্ঘ ৩৫ বছর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে এলাকার শিক্ষার মান উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তার বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব আলা উদ্দীন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।


​ মনিরুজ্জামনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা জনাব ইউনুছ আলির কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তার সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। স্কুলের সাবেক শিক্ষার্থী খাইরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘স্যারের কাছে আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি তা কখনো ভুলব না। তার সঠিক নির্দেশনা আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে।’


​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনাকষা স্কুলের সহকারী শিক্ষক জনাব মাসুদ রানা, হোগলা দাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, স্কুলের সাবেক শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্কুলের সাবেক ও বর্তমানের অনেক শিক্ষার্থী এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


​শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, বিভিন্ন উপহার সামগ্রী এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে জনাব ইউনুছ আলি তার দীর্ঘ কর্মজীবনে সহযোগিতা করার জন্য সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘শিক্ষক হিসেবে এই বিদ্যায়লয়ে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিষ্ঠানের উন্নতি দেখতে পাওয়া আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।’
​অনুষ্ঠান শেষে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল আবেগঘন।