নিজস্ব প্রতিনিধি:
হিন্দু ধর্মাবলম্বীদের সাহসের সঙ্গে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “আপনারা যারা পূজার্থী, তারা নির্ভয়ে দুর্গাপূজা পালন করুন। প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে যাতে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়।”শনিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর নালাপাড়ায় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, “এবার সারা দেশে একটি হটলাইন চালু করা হচ্ছে। কোনো অপরাধ বা শঙ্কার ঘটনা ঘটলে এই হটলাইনে জানালে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা করতে পারেন, সেটিই সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য আগামীকাল (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সারা দেশের দুর্গাপূজা নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
”পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “পূজার সময় স্থানীয়দের সম্পৃক্ত করুন, যাতে কেউ অপরাধ করতে চাইলে সঙ্গে সঙ্গে প্রতিহত করা যায়। সাধারণত জায়গা-জমির বিরোধ বা স্থানীয় দ্বন্দ্ব থেকে অপরাধ ঘটে। যারা পূজামণ্ডপ, মন্দির বা উপাসনালয়ে হামলা করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সবাই মিলে তাদের প্রতিহত করব।
