বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের বিয়ের খবর নিশ্চিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই সুখবর জানান। পোস্টে তিনি সারজিসকে নবদাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আসিফ মাহমুদ তার বার্তায় লেখেন, “নতুন জীবনের জন্য অনেক শুভ কামনা, সারজিস ভাই। তোমার বিবাহিত জীবন সুখময় হোক।”
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও সারজিসকে অভিনন্দন জানিয়ে বলেন, “অভিনন্দন, বন্ধু! তোমাদের জীবন ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ হোক।”
উল্লেখ্য, সারজিস আলম ১৯৯৮ সালের ২ জুলাই পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। তিনি বিএএফ শাহীন কলেজ, ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
