প্রতারণার শিকার গরু বিক্রেতাকে ওমরাহে পাঠালেন চিত্রনায়িকা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

অপু বিশ্বাসরাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে কোরবানির পশু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। এক প্রতারক ক্রেতা তাকে ১ লাখ ২৩ হাজার টাকার গরুর মূল্য পরিশোধের সময় ১ লাখ ২১ হাজার টাকাই জাল নোট দেন। এই ঘটনার পর রইস উদ্দিনের অঝোর কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওটি সারাদেশে মানুষের মনে গভীর দুঃখ ও সহানুভূতির সৃষ্টি করে।

এই কঠিন সময়ে রইস উদ্দিনের পাশে দাঁড়ান ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, রইস উদ্দিন যেন পবিত্র ওমরাহ পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব খরচ তিনি বহন করবেন।শামসুল হক ফাউন্ডেশন বিষয়টি নিশ্চিত করে জানায়, অপু বিশ্বাসের সিদ্ধান্ত অনুযায়ী রইস উদ্দিনের সম্পূর্ণ ওমরাহ খরচের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। সেই অনুযায়ী শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রইস উদ্দিন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।

উল্লেখ্য, গেল ঈদুল আজহায় গরু বিক্রির সময় জাল নোট হাতে পাওয়ার পর রইস উদ্দিন কান্নায় ভেঙে পড়েন। তার সেই মানবিক মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন তোলে। এরপর অসংখ্য মানুষ সহানুভূতির হাত বাড়িয়ে দেন। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবেই অপু বিশ্বাস রইস উদ্দিনকে ওমরাহে পাঠানোর সিদ্ধান্ত নেন।