নিজস্ব প্রতিনিধি:
দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ ঘোষণা করেছেন, তিনি আর কোনো কনসার্ট করবেন না। বর্তমানে অস্ট্রেলিয়ায় সফররত এই প্রতিভাবান তারকা ২৫ বছরের দীর্ঘ সংগীত ক্যারিয়ারের একটি বিশেষ মুহূর্ত উদযাপন করছেন।সফরের এক অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “এটাই আমার শেষ কনসার্ট। ধীরে ধীরে আমার সংগীত ক্যারিয়ার সমাপ্ত করব।
মেয়েটি বড় হচ্ছে, আর স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা আমাকে এখন আনন্দ দেয় না।”তাহসানের এই ঘোষণার পর তার ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংগীতের পাশাপাশি অভিনয়ও তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে এর আগেই তিনি অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন কণ্ঠনালির জটিলতা—বিশেষত ‘হেটেরোটোপিয়া’ নামক রোগ, যার কারণে ২০১৮ সালে তিনি ভক্তদের জানান যে, তার গান গাওয়ার ক্ষমতা ক্রমেই কমে যাচ্ছে।
সাথে সাথে, তাহসান সম্প্রতি ঘোষণা করেছেন যে, তিনি তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছেন।তাহসান খান সংগীত জীবন শুরু করেছিলেন “ব্ল্যাক” ব্যান্ডের মাধ্যমে, যেখানে তিনি ছিলেন প্রধান কণ্ঠশিল্পী। সেই সময় ব্যান্ডটির জনপ্রিয়তা তুঙ্গে ছিল। পরবর্তীতে তিনি একক শিল্পী হিসেবে আরও শক্তভাবে সংগীতাঙ্গনে পরিচিত হন। “তাহসান অ্যান্ড দ্য সুফিজ” এবং সর্বশেষ “তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড” নামে তার ব্যান্ড গঠন করেন। একক এবং ব্যান্ড উভয় ক্ষেত্রেই তার গান দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করেছে। মেলোডিয়াস কণ্ঠ, হৃদয়স্পর্শী গান এবং সৃজনশীলতার কারণে তাকে চিরকাল মনে রাখবেন তার ভক্তরা।
