পুলিশের হারানো অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের অস্ত্র ফেরত দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হারানো অস্ত্র উদ্ধার করতে আমরা উদ্যোগ নিয়েছি। এ জন্য একটি পুরস্কার ঘোষণা করেছি।

কত টাকা দেওয়া হবে, তা দ্রুত নির্ধারণ করে মিডিয়াকে জানানো হবে। যে অস্ত্রের তথ্য দেবে, সে পুরস্কার পাবে।”গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রসঙ্গে তিনি বলেন, “আগে সমাজে কোনো খারাপ ঘটনা ঘটলে মানুষ তা প্রতিহত করতে এগিয়ে যেত। কিন্তু এখন অনেকে শুধু ভিডিও করে। অপরাধ প্রতিহত করা আমাদের ইমানি দায়িত্ব, কিন্তু এখন তা খুব কমই হচ্ছে।

গাজীপুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকতে পারে না। এ ঘটনায় জড়িতদের বেশিরভাগকে গ্রেপ্তার করা হয়েছে, তবে যে জীবন হারিয়ে গেছে তা ফেরানো যাবে না। আমরা যদি ধৈর্যশীল হই, এ ধরনের ঘটনা কিছুটা কমবে।”তিনি আরও বলেন, “অপরাধীরা যেন কঠোর শাস্তি পায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ধরনের ঘটনা জনগণেরও প্রতিহত করার কথা।”শেরপুরের একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, “ঘটনাস্থলে একজন ভিডিও করছে, আর তার সামনেই তার নানিকে হত্যা করা হচ্ছে। ইউটিউবে আয় করার জন্য সে ভিডিও করেই যাচ্ছে। এটা আমাদের সমাজের বড় ধরনের অবক্ষয়। যদি সে ভিডিও না করে চিৎকার করতো, তাহলে হয়তো কেউ সাহায্যে এগিয়ে আসতো।”