আলমডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক চাঞ্চল্যকর পর্নোগ্রাফি মামলায় সাদিক(২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গত ৬ অক্টোবর (সোমবার) তাকে আলমডাঙ্গা স্টেশন পাড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদিক কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাহিরচর গ্রামের মুকুলের ছেলে।থানা সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের তানজিলা তাবাচ্ছুম ঐশী (২২) এর সাথে আনুমানিক এক বছর আগে ফেসবুকে সাদিক হোসেনের পরিচয় হয়।
এরপর থেকেই সাদিক ম্যাসেঞ্জারে নানা প্রলোভন দেখিয়ে ঐশীকে আকৃষ্ট করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৫ জানুয়ারি, ২০২৫ তারিখে সাদিকের জন্মদিনে কৌশলে ঐশীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এবং তার অজান্তে অশ্লীল কিছু ছবি ও ভিডিও ধারণ করে। এরপর থেকে সাদিক ধারণকৃত অশ্লীল ওই ছবি ও ভিডিও পাঠিয়ে ঐশীকে ব্ল্যাকমেইল করা শুরু করে। ঐশীকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জায়গায় দেখা করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। ছবি ও ভিডিও মুছে ফেলার অনুরোধ করলেও সাদিক তা শোনেনি। ঐশির বিয়ের কিছুদিন পর সাদিক ঐশীর স্বামীর হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিছু অশ্লীল ছবি পাঠায়।
গত ৬ অক্টোবর বিকাল ৫টার সময় সাদিক ঐশীর সাথে দেখা করার জন্য আলমডাঙ্গা রেলস্টেশনে আসে, তখন ঐশী দ্রুত তার স্বামীকে বিষয়টি জানান। ঐশীর স্বামী তার আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে সাদিককে আলমডাঙ্গা রেলস্টেশনের দক্ষিণ পাশে বাসস্ট্যান্ড থেকে হাতেনাতে আটক করেন এবং আলমডাঙ্গা থানা পুলিশে সোপর্দ করেন।এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযুক্ত সাদিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনী ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
