বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রড চুরির সময় আনসার সদস্যদের তৎপরতায় আটক ৩ কিশোর।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ ঘন্টা আগে

ডেস্ক রিপোর্টঃ

সরকারি সম্পদ সুরক্ষা ও হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকালে তৎপরতার পরিচয় দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাদের দ্রুত পদক্ষেপে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর কোয়ার্টার হোস্টেল ভবন থেকে রড চুরির চেষ্টার অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা ১০ মিনিটে হাসপাতালের আওতাধীন ডক্টর কোয়ার্টার হোস্টেল ভবনে এ ঘটনা ঘটে। রড চুরির বিষয়টি টের পেয়ে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে প্লাটুন কমান্ডার (পিসি) মো. নাগর আলীকে অবহিত করেন। পরে তিনি অতিরিক্ত আনসার সদস্য নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সদস্যদের সহায়তায় তিন কিশোরকে আটক করেন।

আটক কিশোররা হলো সাব্বির (১৫), ইমন (১৫) ও মুন্না (১৪)। ঘটনার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক অভিযানে দায়িত্ব পালন করেন প্লাটুন কমান্ডার (পিসি) মো. নাগর আলী, এপিসি রাকেশ সরকার এবং আনসার সদস্য মাহামুদ ও আলমগীর। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তাৎক্ষণিক সতর্কতা, দ্রুত যোগাযোগ ও সমন্বিত পদক্ষেপের ফলে ঘটনাস্থলেই তাদের আটক করা সম্ভব হয়।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি স্থাপনা ও সম্পদ রক্ষায় আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের তৎপরতা হাসপাতালের সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং চুরি-ছিনতাইসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সচেতনতা ও পেশাদারত্বের প্রতিফলন।