নিজস্ব প্রতিনিধি:
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির কিছু গুরুত্বপূর্ণ অংশ সংশোধন করা হয়েছে। এই সংশোধনের ফলে এখন থেকে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে, সংশ্লিষ্ট পুলিশ সদস্য বা সংস্থার প্রতিনিধিকে অবশ্যই নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে হবে এবং আইডি কার্ড প্রদর্শন করতে হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাইলে সঙ্গে সঙ্গে পুলিশের আইডি কার্ড দেখতে পারবেন—এটা বাধ্যতামূলক।বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তারের পর ব্যক্তিকে থানায় আনার সঙ্গে সঙ্গেই তার স্বজনদের জানাতে হবে এবং ১২ ঘণ্টার মধ্যেই পরিবারকে বিষয়টি অবগত করা বাধ্যতামূলক। প্রত্যেকটি গ্রেপ্তারের ক্ষেত্রে কোন আইনের আওতায়, কী কারণে গ্রেপ্তার করা হয়েছে, তার বিস্তারিত বিবরণসহ একটি মেমোরেন্ডাম তৈরি করতে হবে।তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিবাদী আমলে অনেককে পরিচয় না দিয়ে গোপনে গ্রেপ্তার করা হতো। আত্মীয়স্বজনরা পুলিশের কাছে গেলে র্যাবের কাছে, র্যাবের কাছে গেলে গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হতো।
এখন থেকে প্রত্যেক থানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও পরিচয় উন্মুক্ত রাখতে হবে।এই আইন সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষকে অকারণে হয়রানি বন্ধ হবে এবং এটি একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হবে বলে মত দেন তিনি।এছাড়া তিনি মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহতদের প্রসঙ্গে বলেন, নিহতদের পরিবারের প্রতি সব ধরনের সহায়তা দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সব ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মর্মান্তিকভাবে নিহত দুইজন শিক্ষিকাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে বলেও জানান আইন উপদেষ্টা।
