নিজস্ব প্রতিনিধি:
গত ১৫ বছরে দেশে পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে এবং জবাবদিহিতার অভাবে ব্যাপক দুর্নীতি ও লুটপাট ঘটেছে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করতে হলে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
দেরি না করে এখনই গণতান্ত্রিক ধারায় ফিরে আসা প্রয়োজন। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, তাই আমরা একটি অবাধ, সুষ্ঠু ও যৌক্তিক নির্বাচন চাই।”বর্তমান রাষ্ট্রব্যবস্থা ও অর্থনীতিতে গুণগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এটি একদিনে সম্ভব নয়। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সময় ও জনগণের সক্রিয় অংশগ্রহণ দরকার।”এ সময় তিনি আলোচনায় উঠে আসা কিছু রাজনৈতিক দলের প্রস্তাবিত ‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন’ (পিআর) পদ্ধতির সমালোচনাও করেন।তার ভাষায়, “এই দেশের সাধারণ মানুষ জানেই না পিআর কী।
তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যার কাছে সহজে যাওয়া যায়, যার সঙ্গে কথা বলা যায়। কিন্তু পিআর পদ্ধতিতে এমন সরাসরি যোগাযোগের সুযোগ থাকে না।”আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল।তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন শুল্কনীতি বাংলাদেশের জন্য এক বড় ধরনের বিপদের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের ট্যারিফ নীতি আমাদের অর্থনীতিকে চাপের মুখে ফেলতে পারে। এই সংকট থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বিত আলোচনা এখন সময়ের দাবি।”
