ডাকসু নির্বাচনে ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি, তদন্তে দুই কমিটি গঠন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

ডাকসু নির্বাচনকে ঘিরে হাইকোর্টে রিট করা এক ছাত্রী ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। একই সঙ্গে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন গঠন করেছে দুই সদস্যের আরেকটি তথ্যানুসন্ধান কমিটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেওয়ার ঘটনায় ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদ এবং ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের সহসভাপতি প্রার্থী নাইম হাসান লিখিত অভিযোগ জমা দেন।

এ অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে, সদস্য হিসেবে আছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া ও মো. রেজাউল করিম সোহাগ।এছাড়া একই ঘটনার তদন্তে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন ২ সদস্যের কমিটি করেছে। এতে আহ্বায়ক করা হয়েছে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হককে এবং সদস্য করা হয়েছে সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলমকে।

আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদের।এর আগে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে এক ছাত্রী হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। ওই রিটের ভিত্তিতে আদালত সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন।এরপর সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসেন রিটকারী ওই ছাত্রীকে ফেসবুকে পোস্ট দিয়ে ‘গণধর্ষণের’ হুমকি দেন।এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। পাশাপাশি সংবাদ সম্মেলন করে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।