জোড়া হয়ে জন্ম। ভাগ হয়ে আজ ১৭ বছর সুস্থ্য।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের ছোট্ট একটি ঘরে আজ উৎসবের পরিবেশ। কারণ, দুই বোন মনি ও মুক্তার জন্মদিন। শুক্রবার (২২ আগস্ট) তারা পা দিল ১৭ বছরে। তবে তাদের জন্মের কাহিনি শুধু আনন্দের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সংগ্রাম, ভালোবাসা আর আশার গল্প।

২০০৯ সালের ২২ আগস্ট জন্ম নেয় মনি ও মুক্তা। জন্মের সময় তারা ছিলেন পেটের সঙ্গে জোড়া লাগানো। বাবা জয়প্রকাশ পাল ও মা কৃষ্ণা রানী পালের জন্য দিনটি ছিল আশীর্বাদের পাশাপাশি এক বিরাট শঙ্কারও। চিকিৎসকেরা জানিয়েছিলেন, এভাবে তাদের বেঁচে থাকা খুবই কঠিন হবে। এরপর ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. এ আর খানের তত্ত্বাবধানে সম্পন্ন হয় একটি জটিল অস্ত্রোপচার। দীর্ঘ কয়েক ঘণ্টার সেই সফল অপারেশনের মাধ্যমে আলাদা অস্তিত্ব পায় মনি ও মুক্তা। সেদিন থেকে পরিবার প্রতিটি দিন পার করেছে প্রার্থনা আর ভালোবাসার ভরসায়।

আজ তাদের ১৭তম জন্মদিনে ঘরে কেক কেটে ও ধর্মীয় নাম সংকীর্তনের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। বাবা জয়প্রকাশ পাল বলেন, “সৃষ্টিকর্তার অশেষ কৃপা আর ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমের ফলেই তারা আজ সুস্থভাবে বেড়ে উঠছে। এই দিনটি আমাদের পরিবারের জন্য অমূল্য।”

মনি ও মুক্তা জানায়, “আমরা পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করছি। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন সুস্থ থেকে পড়াশোনা শেষ করতে পারি। আমাদের স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।” বর্তমানে তারা ঝাড়বাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ছে। একসময় জীবন-মৃত্যুর লড়াইয়ে থাকা এই দুই বোন আজ নতুন আলোয় গড়ে তুলছে তাদের স্বপ্নের ভবিষ্যৎ।